জেলা আওয়ামী লীগে পদ পেতে প্রভাবশালীদের ইন্ধনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে বলে দাবি করেছেন প্যানেল মেয়র মো. মাহবুবুর রহমান। তদন্ত সাপেক্ষে মামলাটি প্রত্যাহারের আশ্বাসে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় মাহবুবুর রহমান আরও বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন। তিনি মামলাটি প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন।
সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি, কক্সবাজারের মেয়রের বিরুদ্ধে মামলা
মাহবুবুর রহমান অভিযোগ করেন, আগামীতে কক্সবাজার জেলা কমিটিতে পদ পেতে এবং কক্সবাজারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাটি করা হয়।
এর আগে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে হত্যাচেষ্টার মামলায় মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যারের দাবিতে কক্সবাজার পৌরসভায় সকালে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ কারণে পৌরসভায় আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে বিপাকে পড়েন। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত এবং পরিচ্ছন্নতায় নিয়োজিত যানবাহনগুলো পৌরসভা কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়।
এদিকে, গত রবিবার বিকালে কক্সবাজার সদর মডেল থানায় সাবেক ছাত্রলীগ নেতা মুনাফ সিকদারকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রেকর্ড হয়। এই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়। মামলার খবর প্রকাশ হলে রবিবার সন্ধ্যার পর কক্সবাজার শহরে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধের ডাক দেয় দলীয় নেতাকর্মী ও মেয়রের সমর্থকরা। এছাড়া কক্সবাজার শহরের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। এতে পুরো কক্সবাজার শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকামুখী যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে প্রশাসনের অনুরোধে শহরের প্রধান সড়ক ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ নেতাকর্মীরা তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিয়ে সোমবার সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকসহ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জেলা আওয়ামী লীগ নেতাদের সভা অনুষ্ঠিত হয়।
গত ২৭ অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে গুলি করে একদল দুর্বৃত্ত। তিনি এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।