বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে অস্বীকারের অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তরুণী। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে মামলাটি করেন তিনি।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম নগরের একটি থানায় এসআই হিসেবে কর্মরত। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। ভুক্তভোগী তরুণী (১৮) চট্টগ্রামের একটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।
বাদীপক্ষের আইনজীবী রুবেল পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দণ্ডবিধির ৪৯৩ ও ৪২০ ধারায় অভিযোগ এনে এসআইয়ের বিরুদ্ধে মামলাটি করা হয়। আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই তরুণীর বাসায় গৃহশিক্ষক ছিলেন অভিযুক্ত ব্যক্তি। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তরুণীকে চট্টগ্রাম আদালত ভবন এলাকার নোটারি পাবলিকের কার্যালয়ে নিয়ে বিয়ের যৌথ হলফনামা (৫২৬২/১৮ ও ৫২৬৩/১৮ নম্বর) সম্পাদন করা হয়। ওই বছরের ১ অক্টোবর থেকে বিভিন্ন সময় ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে পুলিশের এসআই পদে চাকরি পান অভিযুক্ত। ২০২০ সালের ৩০ এপ্রিল সারদা পুলিশ একাডেমিতে বহিরাগত ক্যাডেট এসআইয়ের প্রশিক্ষণে যাওয়ার আগ পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করেন। ২০২১ সালের ৯ জুলাই সারদায় প্রশিক্ষণ শেষে এসআই হিসেবে যোগদানের পর হলফনামা সম্পাদন ও আমাদের সম্পর্কের কথা অস্বীকার করেন।