সীতাকুণ্ডে ভোটের আগে ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ

ইউনিয়ন নির্বাচন কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুই ওয়ার্ড সদস্যের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ শুরুর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহবুবুর রহমান ও মো. ফোরকানের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। 

দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই ওয়ার্ডে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই প্রার্থীকে আমাদের হেফাজতে রেখেছি।

তিনি আরও জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দুই পক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পরে রাস্তার পাশ থেকে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোটগ্রহণ চলছে। 

প্রসঙ্গত, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডসহ ফটিকছড়ি ও মিরসারইয়ের ৩৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলব