চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাজী মো. শামসুল আলম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ঘোড়ামারা বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
শামসুল আলম সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই জাহিদ হোসেন জানান, বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় শামসুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামসুল আলমের ছেলে রমজান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে বাবা ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।