ফেনীতে বিশৃঙ্খলার ঘটনায় আরও এক যুবক গ্রেফতার

ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে মো. পারভেজ বাবু (২০) নামে ওই যুবককে ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার বাসা থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, পারভেজ মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের আবদুর রহমানের ছেলে। তবে তিনি ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় বসবাস করেন। আজ তাকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা ভিডিওচিত্র দেখে সেগুলো যাচাইয়ের পর আসামিদের গ্রেফতার করা হচ্ছে। কোনও নিরপরাধ লোক যেন হয়রানির শিকার না হন, সেটা দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর ফেনীতে মন্দির ও দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তিন জন ফেনীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পারভেজের নাম বলেছেন। আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।

এ ঘটনায় ফেনী মডেল থানায় মোট চারটি মামলা হয়েছে। দুটি মামলা ফেনী থানা-পুলিশ থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।