চট্টগ্রামে ১৫ বছর আগে পুলিশের এক কনস্টেবলকে হত্যা মামলায় মো. জাকের হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় দেন। একই রায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ সদস্য হত্যা মামলায় জাকের হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় সাত জন খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মো. জাকের হোসেন (৩০) নোয়াখালীর হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মোবাশ্বের আলীর ছেলে। জাকির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ লাইনের কনস্টেবল মো. ইদ্রিস মিয়া ২০০৬ সালের ২৭ ডিসেম্বর তিন দিনের ছুটিতে চট্টগ্রামে আসেন। ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ইদ্রিস মিয়ার লাশ চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি বিসিক এলাকার গাছতলা রোড থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে মামলা করেন।
তদন্তে পুলিশ জানতে পারে সিএনজি অটোরিকশা নিয়ে গন্তব্যে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন ইদ্রিস মিয়া। এই ঘটনায় জাকিরসহ আট জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রায় দেন।