কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনায় চেকপোস্ট বসিয়ে ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে দুই লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— উখিয়ার পালংখালীর মৃত ফেরদৌসের ছেলে মো. দেলোয়ার হোসেন (২১) ও একই এলাকার নুরুল আলমের ছেলে মো. তারেক (২০)।
সোমবার (১৫ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদে র্যাব জানতে পারে মাদক কারবারিরা একটি ডাম্পার ট্রাকযোগে বিপুল পরিমাণ ইয়াবা টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে যাচ্ছে। এমন সংবাদে র্যাব-১৫-এর একটি দল উখিয়া ময়নারঘোনা পিআইপি অফিসের সামনে চেকপোস্ট বসায়। কিছুক্ষণ পর টেকনাফ থেকে আসা একটি ডাম্পার ট্রাককে সংকেত দিলে চালক এবং হেলপার গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ডাম্পারটি তল্লাশি করে দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
আবু সালাম চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানান‑ দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।