ক্রিকেট ব্যাটের আঘাতে মিস্ত্রি নিহত, গ্রেফতার ৩

বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ক্রিকেট ব্যাটের আঘাতে মো. এয়াকুব (৫০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খালাসি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি মইনুর রহমান।

নিহতের নাম মো. এয়াকুব (৫০)। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। খালাসি পুকুর পাড় এলাকায় তার একটি দোকান রয়েছে।

ওসি মইনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালাসি পুকুর পাড় এলাকায় এয়াকুবের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। এ নিয়ে যারা ট্রাক ঢুকিয়েছেন তাদের সঙ্গে এয়াকুবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন এয়াকুবকে ক্রিকেটের ব্যাট দিয়ে মারধর করলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী পাঁচ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ওই মামলায় মো. সানি, মো. নাদিম ও মো. আক্কাসকে গ্রেফতার করা হয়েছে।’