চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার দুই পা বিচ্ছিন্ন হয়েছে। রাস্তা পার হওয়ার সময় শাটলে কাটা পড়েন তিনি। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে নগরের মুরাদপুরের কাছে তালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম আছিয়া খাতুন। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরের বটলী থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে আছিয়া খাতুন নামের এক নারী আহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটলে তার দুই পা বিচ্ছিন্ন হয়। তাকে মেডিক্যালে পাঠানো হয়েছে।’
চলতি বছরের ৩০ ও ৩১ অক্টোবরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা ও শিশুর মৃত্যু হয়। এ ছাড়া ২০১৮ সালের ৮ আগস্ট নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে রেললাইন পার হওয়ার সময় শাটল ট্রেনে কাটা পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রবিউল আলম। এ সময় তার শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।