ছেলের জন্য ভোট চাইতে বেরিয়ে প্রাণ গেলো মায়ের

ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী ছেলের জন্য ভোট চাইতে বেরিয়ে সিএনজিচালিত অটোরিকশার চাপায় প্রাণ গেছে মায়ের। শনিবার (১১ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আছিয়া মার্কেট এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম ফুলবানু (৫৮)। তিনি ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমানের (মোরগ) মা। রাত ৮টার দিকে মোস্তাফিজুর রহমান মা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর ছেলের জন্য ফুলবানু ভোট চাইতে ভোটারদের বাড়িতে যান। ঘটনার সময় তিনি সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল নিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।