চট্টগ্রামে জুয়ার আসর থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী থানার আপন নিবাস আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—মিজানুর রহমান, শহীদুল ইসলাম, মনির, নজরুল ইসলাম মজুমদার, জামাল হোসেন ও আখতার হোসেন। তাদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, খুলশী আপন নিবাস আবাসিক এলাকার ওসমান কলোনিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ ৫৩ হাজার ৫০০ টাকাসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে একটি মামলা করেছেন এসআই নুরুল আবছার। এই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।