প্রতিমন্ত্রীর এবং দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানসহ দুই জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্যের অভিযোগে এ মামলা করা হয়। রবিবার (১২ ডিসেম্বর) ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩০ ও ৩১ ধারায় মামলাটির আবেদন করা হয়।
মামলার আবেদনে অপর আসামি মহিউদ্দিন হেলাল নাহিদ (নাহিদ রাইন্স)।
চট্টগ্রাম বারের সাবেক সভাপতি বদরুল আনোয়ার বলেন, ‘অশোভন ও কুরুচিপূর্ণ কটূক্তির অভিযোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং বিতর্কিত ইউটিউবার মো. মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
রবিবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে বাদী হয়ে মামলাটি করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার। ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা জজ এস কে এম তোফায়েল হাসান মামলাটি আদেশের জন্য রেখেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ব্যারিস্টার জাইমা রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে গত ১ ডিসেম্বর আসামিরা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নারীবিদ্বেষমূলক ভিডিওটি প্রকাশ ও প্রচার করেছেন। যা সার্বিকভাবে সমগ্র নারী সমাজের জন্য মানহানিকর ও অপমানজনক। শিষ্টাচারবহির্ভূত এই ভিডিওটি দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও অস্থিরতা সৃষ্টি করেছে।