চট্টগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বাজারে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত মুহাম্মদ ইয়াছিন প্রকাশ বাচা মিয়ার (১৭) মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ‍মৃত্যু হয়। ​ইয়াছিন ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর ৪ নম্বর ওয়ার্ডের মাহফুজ আলমের ছেলে।

ভূজপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, রবিবার (১২ ডিসেম্বর) রাতে দুর্ঘটনায় আহত কিশোর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রবিবার রাত ১০টার দিকে কাজিরহাট বাজারের দক্ষিণে বাইপাস রাস্তার মাথা এলাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইয়াছিন, রাজ্জাক ও মজিদ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।