চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. শামীম নামের এক বন্দিকে কারা অভ্যন্তরে নির্যাতনের অভিযোগে পাঁচ কারা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে ওই বন্দির স্ত্রী পারভিন আক্তার হিরা বাদী হয়ে মামলাটি করেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারে মো. শামীম নামে এক বন্দিকে নির্যাতনের অভিযোগে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম, জেলার দেওয়ান তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, আইজি প্রিজনের গোয়েন্দা কারারক্ষী সবুজ দাশ ও সুবেদার মো. এমদাদ হোসেনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন বন্দির স্ত্রী পারভিন আক্তার হিরা। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডির পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছেন।’
মামলার আবেদনে বলা হয়েছে, হিরার স্বামী মো. শামীম দায়রা মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০০৪ সাল থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। শামীম প্রায় সময় শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ জুলাই পর্যন্ত কারাগারের ১৫ নম্বর ওয়ার্ডে অর্থাৎ হাসপাতালে ছিলেন। অভিযুক্তরা কারা অভ্যন্তরে বিভিন্ন সময় তাকে শারীরিকভাবে নাজেহাল ও মারধর করেন।
বাদী আরও উল্লেখ করেন, সঠিক সময়ে খাবার না দেওয়ার প্রতিবাদ করায় গত ১২ জুলাই জেলার তারিকুল বন্দি শামীমকে বেধড়ক মারধর করেন। এরপর ১৭ জুলাই ভোরে এমদাদ, সবুজ ও সাইমুর গিয়ে তাকে কারা অভ্যন্তরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। পরে জেলারের অফিসে নিয়ে যাওয়া হলে জেলার আবারও শামীমকে মারধর করেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে শামীমকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। গত ২২ আগস্ট কুমিল্লা কারাগার থেকে শামীম টেলিফোনে স্ত্রীকে বিষয়টি জানান।
গত ২৫ নভেম্বর শামীমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেছিলেন। গত ৭ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত নালিশি মামলা নেওয়ার আবেদন ফিরিয়ে দিয়েছিলেন। একইসঙ্গে বিষয়টি নিয়ে উপযুক্ত আদালতে মামলা করার আদেশ দেন।