কক্সবাজারের উখিয়ার পানবাজার ক্যাম্পে-৮ অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ সরোয়ার কামাল নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ক্যাম্পের পুলিশ চেকপোস্ট সংলগ্ন রাস্তার ওপর থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সরোয়ার কামাল (২২) ক্যাম্প-৯ ব্লক-আই/২-এর বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ‘ইয়াবার চালান নিয়ে ক্যাম্পে ঢোকার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্যাম্প এলাকায় অবস্থান নেন এপিবিএন সদস্যরা। এ সময় ৭০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক সরোয়ার কামালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিয়ানমার থেকে ইয়াবা এনে বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছে সরোয়ার। তার বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’