নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কিশোর গ্যাং শাকিল বাহিনীর প্রধান ইয়াছিন আরাফাত শাকিল (২২) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডনি মার্কেট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। শাকিল একই গ্রামের বনগাজী বাড়ির সামছুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের লন্ডনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এতে বিভিন্ন মেয়ের অশ্লীল স্থির চিত্র ও ভিডিও চিত্র ধারণ করা ছিল।
তিনি আরও বলেন, শাকিল বিভিন্ন মেয়েদের প্রলোভনে ফেলে অনৈতিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে মোবাইল ফোনে তাদের অশ্লীল ছবি ও ভিডিও চিত্র ধারণ করে সংরক্ষণ করে রাখে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ইয়াছিন আরাফাত শাকিলকে আদালতে পাঠানো হয়েছে।