কক্সবাজারে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে এস এম মাহাবুবুজ্জামান (৪১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের মো. বদিউজ্জামানের ছেলে মাহাবুবুজ্জামান।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, সমুদ্রে গোসলের পর হোটেলে ফিরে অসুস্থবোধ করেন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তিনি মারা গেছেন।

মাহাবুবুজ্জামানের বন্ধু মো. হাসানুল বারি জানান, শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাতলীর সৈকত সংলগ্ন হোটেল সি ক্রাউনে ওঠেন তারা। আজ দুপুর আড়াইটার দিকে সমুদ্রে গোসল করে হোটেলে ফেরেন। এরপর আবার গরম পানি দিয়ে গোসল করেন। গোসলের পর থেকে শরীর খারাপ লাগছে বলে জানান। পরে শহরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে সদর হাসপাতাল মর্গে রয়েছে। 

মাহাবুবুজ্জামানের ছোট ভাই মো. মার্শাল জানান, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করা হয়েছে।