গাজীপুরের বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে নগরীর ইপিজেড থানার সুফিয়া ম্যানশন কাস্টমস বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হলেও রবিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে র্যাব। অপহরণকারীরা হলো- সোমা আক্তার (২০), শাহ পরান (১৯) ও মো. রাহাত হোসেন (২৩)।
র্যাব জানায়, ১৩ ডিসেম্বর ওই শিশু কলম কিনতে বাসা থেকে বের হয়ে অপহরণের শিকার হয়। এ ঘটনায় তার বাবা মো. শামসুল হক গাজীপুরের বাসন থানায় মামলা করেন। এ ঘটনার পর অপহরণকারীদের গ্রেফতারে ছায়া তদন্তে নামে র্যাব। একপর্যায়ে ইপিজেডে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গাজীপুরের শিশুটি অপহরণের পর র্যাব ছায়া তদন্তে নামে। বেশ কিছুদিন তদন্তের পর ইপিজেডে থানার একটি ভবন থেকে শিশুসহ অপহরণকারীদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুরের বাসন থানায় পাঠানো হয়েছে।