বান্দরবান সদর উপজেলার রাজবিলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর স্বামীকে অপহরণের অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম সিংয়ানু মারমা (৩০)। তার অপহৃত স্বামীর নাম রেথোয়াই মারমা (৪০)। তাদের বাড়ি রাজবিলার থংজমা পাড়া। বুধবার দিবাগত রাত (৬ জানুয়ারি) ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে পাঁচ থেকে ছয় জনের একটি অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে রেথোয়াইকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় তার স্ত্রী বাধা দেন। পরে সন্ত্রাসীরা রেথোয়াইয়ের স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে ও তাকে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা সন্ত্রাসীরা পাহাড়ি সংগঠন এমএলপির সক্রিয় সদস্য।
বান্দরবান সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এক নারীকে হত্যা ও তার স্বামীকে অপহরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা ও অপহরণের মূল কারণ এখনও জানা যায়নি।