৬০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। গ্রেফতার আসামি উখিয়া ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা আব্দুল মুনাফের ছেলে মোহাম্মদ হোসাইন (৩২)।

বুধবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

মঙ্গলবার রাতে উখিয়া ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প-১২ ও ১৮ খাল পাড় এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পাচার হতে পারে। এমন সংবাদে ৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সারের নির্দেশনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে এপিবিএন সদস্যরা একটি প্লাস্টিকের বস্তাসহ মোহাম্মদ হোসাইন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। পরে বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।’  

তিনি আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।