চট্টগ্রামে সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) থেকে অর্ধেক আসনে যাত্রী পরিবহন কার্যকর হচ্ছে না। তবে আসনের বাইরে অতিরিক্ত যাত্রী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বুধবার (১২ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, সরকার ভাড়া না বাড়ালে নির্দেশনা অনুযায়ী অর্ধেক আসনে যাত্রী নেওয়া সম্ভব হবে না। কেবল ভাড়া বাড়ালেই বাসে মোট আসনের অর্ধেক যাত্রী নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা মালিক সমিতির সদস্যরা বসে এই সিদ্ধান্ত নিয়েছি। এখনই ভাড়া অর্ধেক নিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। কিন্তু আমরা অতিরিক্ত যাত্রী না নিয়ে চলবো। বাস চালক কন্ডাক্টরদের স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে বলেছি। কিন্তু ভাড়া অর্ধেক নেওয়া সম্ভব হবে না। ভবিষ্যতে পরিস্থিতি দেখে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।