মহিলা দলকে আরও শক্তিশালী করতে হবে: আফরোজা আব্বাস

দেশে এখন গণতন্ত্র, নারীদের স্বাধীনতা ও নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেছেন, ‘এই সরকারের ষড়যন্ত্রের কারণে খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত। দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে এই অবৈধ সরকারকে বিদায় করতে হবে। মহিলা দলকে আরও শক্তিশালী করতে হবে। আন্দোলনের কোনও বিকল্প নেই।’

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের উত্তর স্টেশনে লক্ষ্মীপুর জেলা মহিলা দল আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, উদ্বোধন করেন আফরোজা আব্বাস। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন সাবু ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

সম্মেলনে সাবেরা আনোয়ারকে সভাপতি, হোসনে আরা বাশারকে সিনিয়র সহ-সভাপতি, সখিনা মেম্বারকে সহ-সভাপতি, ফাতেমা বেগম সুমিকে সাধারণ সম্পাদক, ফেরদৌসী মজুমদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহমুদা লাইলীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও নয়ন মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।