চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেন

চালকের দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ী এলাকায় লেভেল ক্রসিংয়ে একটি ইটবোঝাই ট্রাক্টর বিকল হলে এ দুর্ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, কসবা-ইমামবাড়ী সেকশনে একটি অবৈধ লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ইটবোঝাই ট্রাক্টর রেললাইনে আটকে যায়। সে সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি ইমামবাড়ী এলাকা অতিক্রম করছিল। ট্রেনের চালক (লোকোমাস্টার) এসএম আবুল হাশেম ও সহকারী চালক চন্দ্রশেখর দেববর্মন দূর থেকে ইটবোঝাই ট্রাক্টরটিকে দেখতে পান। মুহূর্তেই তারা দ্রুতগতি সম্পন্ন ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

ট্রেনযাত্রী ইকবাল আহমেদ ও ফারুক রহমান জানান, চালকরা চেষ্টা না করলে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়তো। লাইনচ্যুত হয়ে যাত্রীদেরও হতাহত হওয়ার আশঙ্কা ছিল। দ্রুত ট্রেনটির গতি নিয়ন্ত্রণে আনায় যাত্রীরা দুই চালককে ধন্যবাদ জানান।

ওসি বলেন, ‘চালক ট্রেনটি থামাতে না পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।’