কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে কেফায়েত উল্লাহ (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করে কক্সবাজার-৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। কেফায়েত উখিয়া এফসিএন ক্যাম্পের জি ব্লকের আমির হোসেনের ছেলে।
৮ এপিবিএনের উপ-অধিনায়ক মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) কামরান হোসেন বলেন, রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বসতঘরে অবৈধ অস্ত্র মজুতের খবর পাওয়া যায়। এরপর তাজনিমার খোলা পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর মাহবুব আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এফডিএমএন সদস্য কেফায়েতের বসতঘরে তল্লাশি চালায়।
এ সময় চালের ড্রাম হতে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ কেফায়েতকে আটক করে তাজনিমার খোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। উখিয়া থানায় মামলা করে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।