রাঙামাটিতে আ.লীগের ৮ নেতাকে দল থেকে অব্যাহতি

রাঙামাটির লংগদুতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারসহ আট নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত
করা হয় বলে নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন- আব্দুল বারেক সরকার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম।

এ ছাড়া দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় অব্যাহতিপ্রাপ্তরা হলেন- লংগদু সদরের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুলিনমিত্র চাকমা আদু, ভাসাইন্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
হযরত আলী, মাইনীমূখ ইউনিয়নের মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার, গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রকিব হোসেন, বগাচত্বর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বোরহান উদ্দিন ও শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন কমল।

হাজী মুছা মাতব্বর জানান, ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মানার অভিযোগে তাদের দল থেকে অব্যাহিত দেওয়া হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে।

এ সাত ইউনিয়নে আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচন হবে।