নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ না পেয়ে ভবন মালিককে গুলি  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে নির্মাণাধীন ভবনের থাই গ্লাসসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ না পেয়ে মালিককে গুলি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায়  এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ রহমত উল্যা (৫৮) উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে।

গুলিবিদ্ধ রহমত উল্যাপুলিশ ও  স্থানীয়রা জানান, উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ তার বাড়িতে একটি ভবন নির্মাণ করছেন। ওই ভবনের থাই গ্লাসসহ বিভিন্ন উপকরণ সরবরাহের কাজ চান স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তিনি তাকে কাজ দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল সকালে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে, পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মেজো ভাই আবদুর রব ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।