কাজ না পেয়ে বাড়ির মালিকের বুকে গুলি, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন বাড়ির নির্মাণসামগ্রী সরবরাহের কাজ না পেয়ে বাড়ির মালিককে গুলি করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত রকি (২৬) উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের পুরান করের বাড়ির বাবুলের ছেলে।বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায় তথ্য প্রযুক্তির সহায়তায় কবিরহাট উপজেলার চার রাস্তার মোড় এলাকার অজি উল্যার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে র‍্যাব।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 
বেগমগঞ্জ থানা পুলিশ গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে বলে জানিয়েছে।

এর আগে মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির মালিক রহমত উল্যাহকে (৫৮) গুলি করা হয়। রহমত উল্যাহ ওই গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ বাড়ি নির্মাণ করছেন। বাড়ির কাজে নির্মাণসামগ্রী সরবরাহের কাজ চান স্থানীয় ঠিকাদার ফরহাদ হোসেন। কিন্তু তাকে কাজ দিতে অপারগতা প্রকাশ করেন রহমত। এতে ক্ষিপ্ত হয়ে ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালে নির্মাণাধীন বাড়ির সামনে রহমতের বুকে গুলি চালায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় রহমত উল্যাহর মেজো ভাই আবদুর রব ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। র‌্যাব-১১ ঘটনার দুই দিন পর এজাহারনামীয় আসামি রকিকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল ইসলাম রনি বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।