নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট কার, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুবর্ণচরের চর আমানউল্যাহ ইউনিয়নের কিরণ চন্দ্র দাসের ছেলে জুয়েল চন্দ্র দাস (২৮) এবং কিশোরগঞ্জের ভৈরবের মো. জসিম উদ্দিন (৬০)।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর আড়াইটায় সোনাপুর-চেয়ারম্যান ঘাটের মূল সড়কে হঠাৎ একটি মোটরসাইকেল উঠে পড়ে। একই সময়ে চেয়ারম্যান ঘাট থেকে একটি অটোরিকশা আসছিল। এরপর বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিনের মৃত্যু হয়। আহতাবস্থায় জুয়েলকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।