মিশুক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো চালকের

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ব্যাটারিচালিত মিশুক ও অটোরিকশার সংঘর্ষে মো. বাবুল (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ীর ছাতারপাইয়া সড়কের সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাবুল দুর্ঘটনাকবলিত মিশুকের চালক। দিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মধ্য চরমার্টিন গ্রামের লোকমান মিয়ার ছেলে। সোনাইমুড়ীর চৌরাস্তা কেশারপাড় আইডিয়াল স্কুলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সোনাইমুড়ী চৌরাস্তা থেকে বাজারের উদ্দেশ্যে চার যাত্রী নিয়ে একটি মিশুক রওনা দেয়। ছাতারপাইয়া সড়কের সিটি সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের হয়। এতে ঘটনাস্থলেই মিশুকচালক মারা যান। আহতাবস্থায় চার জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।