থামতে বলায় দৌড়, ধাওয়া দিয়ে উদ্ধার হলো কোটি টাকার স্বর্ণ 

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে ১৯১ ভরির বেশি স্বর্ণালঙ্কারসহ করম আলী ওরফে করিম (৩৭) নামের এক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। জব্দ হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২৬ লাখ টাকা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার।

আটক করম আলী ওরফে করিম (৩৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিয়াঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।

অধিনায়ক খাইরুল বলেন, বুধবার সকালে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে স্বর্ণের বড় একটি চালান পাচারের খবর পায় র‍্যাব। এ খবরে পালংখালী এলাকায় বিশেষ কৌশলে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান শুরু করে। এক পর্যায়ে তল্লাশি চৌকির সামনে আসা এক ব্যক্তির গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হয় র‍্যাব সদস্যদের। থামতে বলা হলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে।  এসময় লোকটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কৌশলে বহন করা অবস্থায় ছয়টি স্বর্ণের বার, চারটি নেকলেস, ৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫ জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল ও ১৬টি আংটিসহ ১৯১ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৫৯ টাকা।

এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে মিয়ানমারের মোবাইলফোন অপারেটর কোম্পানির দুটি এবং বাংলাদেশি দুটি সিম কার্ড জব্দ করা হয়। এসব সিম কার্ডগুলো পাচারকাজে ব্যবহার করা হতো বলে জানিয়েছে র‌্যাব। 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে. কর্নেল খাইরুল।