নদীতে রাতের চলাচল নিরাপদ করতে ১৫ বাল্কহেড জব্দ 

চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী ১৫টি বাল্কহেড জব্দ করেছে নৌপুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাতভর চলা অভিযান চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর ও তার আশপাশের এলাকা থেকে এসব বাল্কহেড জব্দ করা হয়। অভিযানে ৪৫ জনকে গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।

জানা গেছে, চাঁদপুরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর সেগুলো পরিবহনেও ব্যবহার হচ্ছে অনেক অবৈধ বাল্কহেড। এছাড়া প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক দিয়ে চালনা না করায় প্রায়শই বালুবাহী বাল্কহেডগুলো যাত্রীবাহীসহ অন্যান্য নৌযানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বাল্কহেডের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে। 

এর পরিপ্রেক্ষিতে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সফিকুল ইসলামের নির্দেশে বিশেষ এই অভিযান পরিচালনা হয়। অভিযানে নৌ থানা চাঁদপুরসহ চারটি ফাঁড়ির সদস্যরা অংশ নেন। 

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, নৌ পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সফিকুল ইসলামের নির্দেশনায় রাতের বেলায় নৌপথ নিরাপদ ও দুর্ঘটনারোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ১৫টি বাল্কহেড জব্দসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নদী থেকে কিছু কারেন্ট জালও জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, মৎস্য আইনে দুটি এবং দণ্ডবিধিতে হবে ১৫টি মামলা। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত ওসি মুজাহিদুল ইসলাম বলেন, পদ্মা ও মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযানকালে নদীতে পাতানো অবস্থায় মালিকবিহীন ১২ লাখ ৫০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।