চট্টগ্রামে পারভেজ (৩০) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) নিহতের ছোট ভাই বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
নিহত পারভেজ চান্দগাঁও থানাধীন কালুরঘাট দক্ষিণ মোহরা এলাকার আবু তাহেরের ছেলে।
মামলার আসামিরা হলো- রুবেল (২৮), ওমর ফারুক (২৬), হাসান ওরফে জিকু (১৮), শামীম (২৬), শাকিল (৩৭), শফি (৩২), শিপন (৩৭), আমিনুল হক (৩২), মোহাম্মদ আলী (২৬), সেলিম (২৬), বাদশা (৩৬), রনি (২৬), হানিফ (২৮) ও শামীম (২৭)।
আসামিদের মধ্যে- বাদশা, রনি, ওমর ফারুক ও হাসান ওরফে জিকুকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (২৬ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা কালুরঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত ও পিটিয়ে গুরুতর আহত করে পারভেজকে। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহারনামীয় চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।