‘একটা আইডি কার্ড ছাড়া দেশের মানুষের কী আছে’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রশ্ন রেখে বলেছেন, ‘শুধু একটা আইডি কার্ড ছাড়া এই দেশের মানুষের কী আছে? আওয়ামী লীগ ভোটের পর এবার ভাতের অধিকারও কেড়ে নিয়েছে। এখন দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। বাজারে গিয়ে ডাল কিনলে চাল কেনা যায় না, চাল কিনলে ডাল কেনা যায় না। এ দুর্ভিক্ষকে পুঁজি করে সরকার মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আবার ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সেটা আর সম্ভব হবে না। কারণ দেশের জনগণ এখন সাথে থেকে বিএনপিকে চায়।’

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।  

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এই পিশাচ সরকার রাতের নির্বাচন করে দেশকে এখন অসুস্থ করে ফেলেছে। দেশের মানুষ মুক্তি চায়। না আছে ভোটের অধিকার, না আছে বলার অধিকার। এবার বেঁচে থাকার অধিকারও কেড়ে নিয়েছে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা আবদুল গফুর ভূঁইয়া, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিঞা, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ।