লাশের সঙ্গে বিকৃত যৌনাচার: মর্গের পাহারাদার ৩ দিনের রিমান্ডে

লাশের সঙ্গে বিকৃত যৌনচারের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মর্গের পাহারাদার সেলিমের (৪৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

মঙ্গলবার (১ মার্চ) চট্টগ্রাম অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির এসআই শুভ্র মুকুল চৌধুরী জানান, সেলিমকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। তাকে বুধবার (২ মার্চ) কারাগার থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আনা হতে পারে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চমেক হাসপাতাল এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, চমেক লাশঘরে দুই নারীর সঙ্গে বিকৃত যৌনচারের অভিযোগে সোমবার সিআইডির এসআই কৃঞ্চ কমল ভৌমিক পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় সেলিম নামে এক ব্যক্তির নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।

আরও পড়ুন: লাশের সঙ্গে বিকৃত যৌনাচার, মর্গের পাহারাদার গ্রেফতার

চমেক হাসপাতাল মর্গের ডোম কদম আলী বলেন, ‘বেশ কয়েক বছর ধরে সেলিম লাশঘরের পাহারাদার হিসেবে কর্মরত। তবে কত বছর এখানে আছে সে ব্যাপারে আমার জানা নেই। তাকে চমেক হাসপাতাল ওয়ার্ড মাস্টার (রাজিব কুমার দে) তাকে এ কাজে রেখেছিলেন। এর আগেও তার (সেলিম) বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছিল। এমনকি তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানায়ও মামলা হয়।’

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘গ্রেফতার সেলিম আমাদের হাসপাতালের স্থায়ী কিংবা অস্থায়ী কোনও কর্মচারী না। এরপরও কীভাবে মর্গে দায়িত্ব পালন করতো তা খতিয়ে দেখা হচ্ছে।’