টেকনাফ থেকে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটকের দাবি করেছে র্যাব। এ সময় তাদের থেকে আটটি আগ্নেয়াস্ত্র, ১৮ রাউন্ড গুলি এবং গ্রুপের নিজস্ব পোশাক উদ্ধার করা হয়। আটক দুই জন রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছে র্যাব।
বুধবার (২ মার্চ) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান কক্সবাজারে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।
আটকরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছে।
লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, ভোরে টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে দুই জনকে আটক করা হয়। পরে তাদের থেকে বস্তাবর্তী ছয়টি একনলা বন্দুক, একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড তাজা গুলি-কার্তুজ ও পাঁচ সেট পোশাক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত ১৯ ফেব্রুয়ারি একই গ্রুপের সদস্য খায়রুল আমিনকে আটকের পর থেকে র্যাব সদস্যরা তাদের নজরদারিতে রেখেছিল। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।