চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সাহাপুর গ্রামে জমি নিয়ে বিরোধে আব্দুল হান্নান (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. এমরান হোসেন (২৭), আব্দুল মমিন (৩২) ও বুলু বেগমকে (৪৫)। এর মধ্যে এমরান হোসেন পূর্ব সাহাপুর গ্রামের মো. আবু শেখের ছেলে, আব্দুল মমিন মো. সিরাজুল হকের ছেলে এবং বুলু বেগম আবু শেখের স্ত্রী।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে সম্পত্তি নিয়ে বিরোধে হান্নানের বাড়িতে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে দণ্ডপ্রাপ্তরা হামলা করে। হামলায় গুরুতর আহত হন হান্নান ও তার স্ত্রী শামছুন্নাহার বেগম (৩৭)। হান্নানকে বাড়ির লোকজন উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ হান্নানের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় হান্নানের স্ত্রী শামছুন্নাহার ওই দিনই ফরিদগঞ্জ থানায় দণ্ডপ্রাপ্ত তিন আসামিসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার এসআই মুহাম্মদ হুমায়ুন কবির ওই বছর ২৯ নভেম্বর তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন।
সরকার পক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মোক্তার আহামেদ অভি বলেন, মামলাটি দীর্ঘ ছয় বছরেরও অধিক সময় আদালতে চলমান অবস্থায় ১৩ সাক্ষীর মধ্যে ১৩ জনেরই সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন। তবে মামলার রায়ের সময় তিন আসামিই পলাতক ছিলেন।