কক্সবাজারে পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, আটক ১

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার টৈটংয়ের পাহাড়ে অভিযান চালিয়ে কারখানার সন্ধান পায় র‍্যাব-১৫। 

এ সময় পাঁচটি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার হতো।

দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ একাধিক অপরাধে মামলা রয়েছে।

র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে টৈটংয়ের পাহাড়ি এলাকায় টানা ৫ ঘণ্টা অভিযান চালানো হয়। এ সময় গহিন জঙ্গলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে দেলোয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।