২০০ ফুট ওপর থেকে গাড়িটি পড়লো নদীতে, নিহত ১

বান্দরবানের কুহালংয়ের ভাঙ্গামুড়ার সোনাইঝি‌রি এলাকায় ২০০ ফুট ওপরের পাহাড়ি রাস্তা থেকে এক‌টি পণ্যবাহী পিকআপ সাঙ্গু নদীতে গিয়ে পড়েছে। এতে ওই ট্রাকের চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১২টার দি‌কে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়ার সোনাইঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম সিংনু মং মারমা (২৮)। তিনি জামছড়ি ইউনিয়নের লাপ্পাই মুখ পাড়ার চিমংপ্রু মারমার ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, দুপু‌রে ওই পণ্যবাহী পিকআপটি সিমের বীজ নিয়ে ভাঙ্গামুড়া এলাকায় পৌঁছে। এ সময় পাহাড়ের ঢালু পথে বালুর মধ্যে চাকা আট‌কে পেছনের দি‌কে চলে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট নিচে প্রবহমান সাঙ্গু নদী‌তে পড়ে। ঘটনাস্থলেই চালক নিহত হন। এ সময় পণ্যবাহী গাড়িটিও দুম‌ড়েমুচড়ে যায়।

বান্দরবান সদর থানার ওসি ‌মো. রফিকুল ইসলাম জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালক সিংনু মং মারমার নিহত হয়েছেন।