বাসচাপায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের চাপায় মো. দিদার হোসেন (৫০) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দিদার হোসেন কুমিল্লা ক্যান্টমেন্ট মার্কেটের হক সুইটসের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির করিমাবাদ এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কুমিল্লা-ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, সকালে মোটরসাইকেলে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন দিদার হোসেন। পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে বাসের চাকার নিচে পড়েন দিদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।