চট্টগ্রামে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আসিফ (১৭) নামে এক কিশোর নিহত এবং আরও পাঁচ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারী উপজেলার নজুমিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের মামা আলমগীর হায়দার জানান, নিহত আসিফ রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের মোহাম্মদ আলীর একমাত্র ছেলে।
তিনি বলেন, ‘সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেটকারে প্রবাসী যাত্রী নিয়ে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেট কার চালক আসিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসিফ মা-বাবার একমাত্র সন্তান।
হাটহাজারী থানার ওসি বলেন, ‘ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার আটক জব্দ করা হয়েছে।’
আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।