কুমিল্লা নগরীর চকবাজারে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো— রাজ্জাক গ্রুপের সদস্য নগরীর গর্জনখোলার মো. হৃদয় (২১), চর্থার নিজাম উদ্দিন মিঠু (২২), ঘটনার অন্যতম মূলহোতা রাজ্জাক গ্রুপের প্রধান গর্জনখোলার মো. রাজ্জাক (৪৮), রবিন গ্রুপের অন্যতম সদস্য ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দেশীয় অস্ত্রসহ অংশগ্রহণকারী সংরাইশ এলাকার সজিব মিয়া (২৯) ও সজীবের আশ্রয়দাতা চকবাজারের নাজমুল হাসান দীপু (৩২)।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯টি রামদা এবং ইস্পাতের লাঠি উদ্ধার করা হয়।
র্যাবের মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় তারা। আসামিরা এ ঘটনায় তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, গত ১৩ মার্চ দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার গর্জনখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা প্রকাশ্যে দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে মহড়া করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পর থেকেই র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্প সম্পৃক্ত অস্ত্রধারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ মার্চ রাতে, ১৮ মার্চ ভোর ও দিনে আসামিদের কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাকি অস্ত্রধারীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানায় র্যাব।