গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ, স্বামী আটক

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জেরিন আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ২টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর এলাকার মজিদ কেরানীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেরিনের স্বামী পোল্যান্ড প্রবাসী ফখরুল ইসলাম বাপ্পীকে আটক করেছে পুলিশ।

গৃহবধূর খালাতো ভাই রেদোয়ান হোসেন হৃদয় বলেন, তিন বছর আগে পারিবারিকভাবে একই চাঁদপুর গ্রামের বাপ্পীর সঙ্গে জেরিনের বিয়ে হয়। তিন মাস আগে পোল্যান্ড থেকে দেশে ফেরেন তিনি। এরপর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়। সোমবার (২১ মার্চ) বাপ্পী শাশুড়িকে মোবাইল ফোনে কল করে জেরিনকে এসে নিয়ে যেতে বলেন। এরপর তিনি আসলে জেরিনকে মারধর করেন বাপ্পী। জেরিনের শাশুড়ি তাকে মায়ের সঙ্গে যেতে দেননি। আজ দুপুর ১২টায় বাপ্পী কল করে তার শাশুড়িকে জানান, জেরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, জেরিনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।