চট্টগ্রাম কারাগারে যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ শাহজাহান (৪৩) নামে এক যুবদল নেতা মারা গেছেন। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নগরীর পাঁচলাইশ থানার কুলাগাঁও বালুচরা এলাকার আব্দুল মালেকের ছেলে শাহজাহান। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। 

কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অসুস্থতার কারণে ২৬ মার্চ থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাহজাহান। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দুপুরে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে মেডিসিন বিভাগের তৃতীয় তলায় ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম কারাগার সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী থানার একটি মাদক মামলায় ২০২১ সালের ১৯ অক্টোবর শাহজাহানকে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন শাহজাহান। তার মৃত্যুতে আমরা শোকাহত।