ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে চিকিৎসা নেওয়া ৯ জন হলেন—রুবেল মিয়া (৩৬), জসিম (৩২), সাফিয়া বেগম (৬৫), জয়নাল (৩২), মামুন মিয়া (৪০), সিরাজ (৩৫), দেলোয়ার (৩০), আবুল মিয়া (৪৮) ও একজন শিশু (১৬)।
এলাকাবাসী জানায়, তিন বছর ধরে চাঁন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও ফকির গোষ্ঠীর জহির মিয়ার সঙ্গে একই গ্রামের রফিকের গোষ্ঠীর রউফ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসায় দুপুরে চাঁন্দপুর বাজারে দুই পক্ষের লোকজন সালিশ বৈঠকে বসেন। এ সময় জহিরের সঙ্গে রউফের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক সাব্বির হোসাইন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনও কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।