চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের ঘুষিতে মো. সেলিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম নজরুল ইসলাম (৫৫)। সেলিম উপজেলা পরিষদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তারা হাড়িয়াইন গ্রামের নতুন মিজি বাড়ির মৃত সামছুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে এ নিয়ে সালিশ বৈঠক বসে। সেখানে সেলিম ও নজরুল বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নজরুলের ঘুষিতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। এ ঘটনায় নজরুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, খবর পেয়ে লাশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।