তরুণীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেফতার

চট্টগ্রামে এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। সোমবার (১৮ এপ্রিল) বিকালে সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল জানান, রবিবার সিএমপির কাউন্টার টেরোরিজম কার্যালয় থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আরিফ উদ্দিন (৩৬)। তিনি বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর গ্রামের মৃত হাজী আবুল হোসেনের ছেলে। আরিফ নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় বসবাস করেন। তার কাছ থেকে একটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।

এ ঘটনায় আরিফ উদ্দিনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাহাদত হুসেন রাসেল বলেন, ‘আরিফের সঙ্গে ভিকটিমের ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের একপর্যায়ে ভিকটিমকে কিছু না জানিয়ে অন্য মেয়েকে বিয়ে করেন আরিফ। এ কারণে ভিকটিম আরিফের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। গত কিছুদিন আগে ভিকটিমের বাগদান সম্পন্ন হয়। ভিকটিমের বাগদানের খবর পেয়ে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আরিফ। ভিকটিমকে বিয়ে করার জন্য নানাভাবে চাপ দিতে থাকেন। এতে ভিকটিম এবং তার পরিবার রাজি না হলে তাদের কাছে হোয়াটসঅ্যাপ-এ ভিকটিমের আপত্তিকর ছবি-ভিডিও পাঠান। একপর্যায়ে ভিকটিমের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলেন। ভিকটিমের ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।’

সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক সঞ্জয় সিনহা জানান, ভিকটিমের সঙ্গে গ্রেফতার ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকা অবস্থায় অন্য মেয়েকে বিয়ে করেন। স্ত্রীকে মারধরের অভিযোগে ঢাকার ওয়ারী থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিন মাস কারাভোগ করেছেন। এখন সাবেক প্রেমিকাকে বিয়ের জন্য নানাভাবে প্রতারণা করে আসছিলেন আরিফ।