জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে মেয়রের কাছে ইফতারের টাকা দাবি

নোয়াখালীর জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর (০১৭১৩১২১১৫৪) ক্লোন করে সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে অর্থ দাবি করেছে প্রতারকরা।

জানা গেছে, জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে চক্রটি নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্লাহ খান সোহেল ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহসহ সরকারি বিভিন্ন দফতরের কাছ থেকে জেলা সার্কিট হাউসে সচিবের জন্য ইফতার মাহফিলের জন্য অর্থ দাবি করে। এই বিষয়ে কেউ যেন প্রতারণার শিকার না হন সে জন্য সবাইকে সতর্ক করে জেলা প্রশাসক কার্যালয়ের ফেসবুক পেজে সোমবার (১৮ এপ্রিল) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, নোয়াখালীর জেলা প্রশাসকের মোবাইল ফোন নাম্বার ক্লোন করে একটি চক্র বিভিন্ন সরকারি দফতর ও সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। দাবি করা অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে অনুরোধ জানাচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্লাহ খান সোহেল বলেন, ‘হুবহু জেলা প্রশাসকের নম্বর থেকে আমার কাছে ফোন আসে। আমাকে জানায়, আজ জেলা সার্কিট হাউসে সচিবের ইফতার। আপনাকে কিছু কন্ট্রিবিউশন করতে হবে। কণ্ঠ আমার কাছে সন্দেহজনক হওয়ায় আমি বলেছি, সরাসরি বিকাল ৩টায় আপনার অফিসে এসে দিয়ে যাবো। পরে বুঝতে পারলাম এটা প্রতারক চক্র।’

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ‘একটি অসাধু চক্র ঈদের আগ মুহূর্তে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করায় আমরা সতর্ক হতে পেরেছি। এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকা লেনদেনসহ কোনও ধরনের তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে ইতিমধ্যে থানায় জিডি করা হয়েছে।’

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন লোকের কাছে টাকা দাবি করা হচ্ছে, এমন তথ্য পেয়েছি। থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’