ফটিকছড়িতে ঝড়ে গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে রিনা আকতার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কাঞ্চননগর ঝরঝরি এলাকায় এ ঘটনা ঘটে। রিনা আকতার ওই এলাকার শাহ আলমের স্ত্রী।

ঝরঝরি এলাকার ইউপি সদস্য মোহাম্মদ এনামুল হক জানান, সকালে কালবৈশাখী ঝড় শুরু হলে গরু নিরাপদ স্থানে বাঁধতে যান রিনা। এমন সময় গাছ ভেঙে পড়ে আহত হন তিনি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী জানান, ‌‘সকাল ৯টার দিকে এক নারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ওই নারীর ওপর গাছ ভেঙে পড়লে আহত হন বলে হাসপাতালে আনা ব্যক্তিরা জানিয়েছেন।’

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন জানান, কাঞ্চননগর এলাকায় গাছ পড়ে এক নারী মারা গেছেন বলে শুনেছি। এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।