চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও হত্যা মামলায় ১১ বছর ধরে পলাতক আসামি তৈয়ব ওরফে ডাকাত তৈয়বকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বুধবার (২০ এপ্রিল) রাতে নগরীর বাকলিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তৈয়ব রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আব্দুল হকের ছেলে।
র্যাব জানায়, ২০১৬ সালের ১৬ অক্টোবর রাউজান থানার নোয়াপাড়া এলাকায় হাকিম চৌকিদারের বাড়ির মো. হারুনকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ২ নম্বর পলাতক আসামি জানে আলম ওরফে জানুকে (৩৬) গত ২৩ মার্চ গ্রেফতার করে র্যাব। সর্বশেষ গত বুধবার বাকলিয়া থানা এলাকা থেকে মামলার আসামি তৈয়বকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেফতার তৈয়ব নোয়াপাড়া এলাকায় নিহত হারুন হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে রাউজান থানার একটি অস্ত্র মামলায় ১১ বছরের পরোয়ানাভুক্ত পলাতক আসামি।