শ্বশুরবাড়ি যাওয়ার পরদিন ধানক্ষেতে মিললো তরুণীর লাশ 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় ফারজানা ইসলাম (২৮) নামে এক তরুণীর হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের মস্তফাপুর এলাকার লালমাই পাহাড়ের পাদদেশের বিলের পাশের একটি ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার হয়।

তরুণীর চাচা বলেন, ভাতিজির স্বামী তিন দিন আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে ফেরত আসে। পরে শনিবার বিকালে সে তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যায়। রবিবার সকালে ভাতিজির স্বামী ফোন করে জানায় কে বা কারা তার স্ত্রীকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখেছে।  

তিনি অভিযোগ করেন, মাদকসেবন করে আমার ভাতিজিকে তার স্বামী প্রায়ই মারধর করতো। ওর স্বামীই তাকে হত্যা করেছে। 

এদিকে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের ক্যান্টনমেন্ট নাজিরা বাজার ফাঁড়ির সদস্যরা। নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউল ইসলাম বলেন, লাশের মাথায় বড় বড় আঘাতের চিহ্ন ছিল। তার হাত ওড়না দিয়ে বাঁধা, আর মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এটা নিশ্চিত হত্যাকাণ্ড। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার পর থেকে তরুণীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে জানান তিনি।